‘পালিয়ে যাব না’ বলে যারা পালায়, তারা আর ফিরে আসে না: হাসনাত
এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহছবি: শুভ্র কান্তি দাশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না’ বলে যারা পালিয়ে যায়, তারা আর কখনো ফিরে আসে না। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দলের মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপি ঢাকা মহানগর উত্তর এই কর্মসূচির আয়োজন করে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি মেহমান নন যে তাঁর জন্য বিমান পাঠানো হবে। তিনি বলেন, আমরাও চাই তিনি ফেরত আসুন, ফেরত আসলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আওয়ামী লীগের নেতারা এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’ হয়ে নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও বানাচ্ছে এবং তা দেশের বাইরে পাঠাচ্ছে। তিনি অভিযোগ করেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীদের ইন্ধন ও প্রশ্রয় দিচ্ছে ভারত।
অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ভারতকে অনেক কিছু দেওয়ার কথা বললেও এখন ভারত তাঁকে একটি বিমান পর্যন্ত দিচ্ছে না। তিনি বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার দাবি জানান।
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরসহ পাঁচ দফা দাবিতে আজ এনসিপির এই মোটরসাইকেল শোভাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।














