পালিয়ে ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন হবে: আবুল হাসান রুবেল
জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বানে আয়োজিত গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। পাশে দলের অন্য নেতা-কর্মীরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২১ নভেম্বর ২০২৬ছবি: গণসংহতি আন্দোলনের সৌজন্যে
জনগণের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের আবার ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং পতিত ফ্যাসিস্ট শক্তির সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়। রুবেল অভিযোগ করেন, গত ১৭ বছরের গুম-খুনের মাধ্যমে চালানো নির্মম শাসনের পর এখন প্রতিশোধ নিতে আগুন ও বোমা হামলার পথ বেছে নেওয়া হচ্ছে।
সমাবেশে তিনি যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর নেতা-কর্মীদের এলাকায় গণপ্রতিরোধ ও গণপাহারা গড়ে তুলে মানুষের জানমাল রক্ষার আহ্বান জানান। গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু বলেন, জনগণ শুধু সরকারের পতন নয়, পুরো ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল।
অন্য বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার আর কেড়ে নেওয়া যাবে না এবং জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি প্রতিহত করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাচ্চু ভূঁইয়া, তারিকুল ইসলাম ও আলিফ দেওয়ান প্রমুখ।














