আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথ দখলের ঘোষণা এনসিপির
সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়েছবি: এনসিপির সৌজন্যে
চলমান সহিংসতার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি। আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং গঙ্গা চুক্তিতে ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। দলীয় কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের কর্মসূচিতেও অংশ নেবেন এনসিপির নেতা–কর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন যুক্তরাজ্য সফরে থাকা দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদী শক্তি যেন মাথা উঁচু করতে না পারে, সেজন্য সব জনতাকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখবে এনসিপির প্রতিটি কর্মী।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করা হয়। আখতার হোসেন অভিযোগ করেন, ভারত সরকার ৫ আগস্টের পর গণহত্যাকারী শেখ হাসিনাসহ হাজার হাজার সন্ত্রাসীকে আশ্রয় দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদ উসকে দিচ্ছে। দল হিসেবে শুধু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঐক্যের ডাককে ইতিবাচক হিসেবে দেখলেও এর ভিত্তি স্পষ্ট করার দাবি জানিয়েছে এনসিপি। জুলাই গণহত্যার বিচার, সরকারের সংস্কার এজেন্ডা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐك্যের ধারাবাহিকতা নিয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বার্তা পাওয়ার ওপর জোর দেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।














