পাহাড়ের সংকট সমাধানে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ততার আহ্বান
এবি পার্টির আলোচনা সভায় বক্তৃতা রাখছেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। জাতীয় প্রেসক্লাব, ১৯ নভেম্বরছবি: এবি পার্টির সৌজন্যে
পার্বত্য চট্টগ্রামের বর্তমান অস্থিরতাকে বিচ্ছিন্ন কোনো আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় তারা বলেন, এর সঙ্গে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভূরাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গভীরভাবে জড়িয়ে আছে। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এই সভার আয়োজন করে।
ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, পাহাড়ের সংকট সমাধানে সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো এই সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিকতা দেখাতে পারেনি। পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার মাধ্যমেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মনে করেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে দেশের অন্যান্য খাতের অস্থিরতার শিকড় একই জায়গায় প্রোথিত। তিনি এসব ঘটনার পেছনে রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের যোগসূত্র খতিয়ে দেখার আহ্বান জানান। এছাড়া দেশের সার্বভৌমত্বের প্রশ্নে রাষ্ট্রকে সর্বদা সজাগ ও দৃঢ় অবস্থানে থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনায় অংশ নিয়ে পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান ভূমি বিরোধকে এই সংকটের অন্যতম প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেন। এছাড়া লেখক ও সাংবাদিক আবু রুশদ বলেন, পাহাড়ের সমস্যাটি মূলত রাজনৈতিক, তাই সামরিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর সমাধান করতে হবে। সভায় দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।














