সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা রুখতে কড়া হুঁশিয়ারি এমরান সালেহর
হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালী পর্যন্ত সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স (মাঝে, হাত উঁচিয়ে)। শুক্রবার, ময়মনসিংহছবি:সংগৃহীত
হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)। শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী ও মাজরাকুড়া বাজারে আয়োজিত পৃথক দুটি পথসভায় তিনি এ কথা বলেন।
এমরান সালেহ বলেন, গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে বাংলাদেশে নাশকতা চালানোর চেষ্টা করছে। এই ধরনের কর্মকাণ্ডে ভারত সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকা উদ্বেগজনক। তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তদের আটক করে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত।
সীমান্তের নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতা তৈরি হলে সাধারণ মানুষের জীবনযাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যেকোনো সন্দেহজনক তৎপরতার তথ্য পেলে দ্রুত বিজিবি বা পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।
এর আগে হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়া পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন এমরান সালেহ। ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।














