আওয়ামী সন্ত্রাস বাড়লে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা: মজিবুর রহমান মঞ্জু
দলীয় অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল মিলনায়তনে
দেশে আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা বৃদ্ধি পেলে এবং সরকার আইনগতভাবে তা মোকাবিলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মজিবুর রহমান বলেন, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার বর্তমান সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে নিতে হবে। যারা বাড়িঘর পুড়িয়ে ও মানুষ হত্যা করে রাজনীতিতে ফেরার কথা বলছে, তাদের বোঝা উচিত জনগণের ওপর নির্যাতন চালানোর কারণেই তাদের শোচনীয় পতন হয়েছিল।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার মতে, তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণেই পরাজিত ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেওয়ার সাহস পাচ্ছে।
এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলম। অনুষ্ঠানে সুজন আহমদকে আহ্বায়ক ও আক্তার হুসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।














