এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুনবে সেতু কর্তৃপক্ষ
টোল আদায়ে অনিয়মের অভিযোগ ওঠার পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনা ও টোল আদায় পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে টানা সাত দিন ২৪ ঘণ্টা করে এ পর্যবেক্ষণ কার্যক্রম চলবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকল্প পরিচালক জানান, এক্সপ্রেসওয়ের ২২টি লেনে বিবিএর কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান করে প্রকৃতপক্ষে কতটি যানবাহন চলাচল করছে তা পর্যবেক্ষণ করবেন। পরবর্তী সময়ে একটি তৃতীয় পক্ষের মাধ্যমেও টানা সাত দিন যানবাহন চলাচল পর্যবেক্ষণ করা হবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের টোল আদায়ে অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) সেতু বিভাগে পাঠানো এক প্রতিবেদনে জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দৈনিক লক্ষাধিক যানবাহন চলাচল করলেও রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা ৮০ হাজারের নিচে দেখানো হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা ব্যবহার না করে ম্যানুয়ালি টোল আদায় এবং একই টোল রসিদ একাধিকবার ব্যবহারের মাধ্যমে রাজস্বের প্রকৃত পরিমাণ কম দেখানোর সুযোগ নেওয়া হচ্ছে।
চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচলের সংখ্যা গড়ে ৮০ হাজারের বেশি হলে সরকার রাজস্বের অংশ পাবে। আর টানা ১৫ দিন গড়ে ১৩ হাজারের কম গাড়ি চলাচল করলে সরকারকে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে ভর্তুকি দিতে হবে। গত রবিবার দুর্নীতি দমন কমিশনও (দুদক) কুড়িলে এফডিইইর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতি পাওয়ার কথা জানিয়েছে।














