ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা ও ৫৫৮ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে আজ রোববার দিনের লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ও ডিএসই-৩০ কমলেও ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে। একইসাথে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।
ডিএসইতে আজ ৩৮৭টি কোম্পানির ১৭ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ১৪৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৮ কোটি ৮০ লাখ ৪৭ হাজার টাকা।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪০২ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১০ দশমিক ২৬ পয়েন্ট কমে ২ হাজার ৫৮ দশমিক ৩৭ পয়েন্টে নেমেছে। তবে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২২টির দর বেড়েছে, ২০০টির কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত ছিল। দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ২১৩ কোটি ২১ লাখ ৮ হাজার ২৩৯ টাকা।
লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এনভয় টেক্সটাইলস, সায়হাম টেক্সটাইল মিলস, ইভিন্স টেক্সটাইল ও মতিন স্পিনিং মিলস। এছাড়া অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেম, মালেক স্পিনিং মিলস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স।















