বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন ৬ নভেম্বর
সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত এবং চাকরির মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা কাজের পাশাপাশি ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের সুবিধা দেবে সংশ্লিষ্ট কোম্পানি। আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।
প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরবর্তীতে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হবে। বোয়েসেল জানিয়েছে, এই প্রক্রিয়ার কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ খরচ করতে হবে না এবং সবাইকে আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।














