১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২ হাজার ৬০ টাকা
বাজারে চলমান অস্থিরতার মধ্যেই আবারো বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করা হয়, যা ওই দিন রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। তবে মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে নতুন এই দামেই বাজারে সিলিন্ডার বিক্রি শুরু হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্যতালিকা বহাল থাকবে।
সিলিন্ডারের পাশাপাশি বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে এবং বিক্রেতাদের কমিশনও বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আমদানিকারকদের সরবরাহ কমিয়ে দেওয়ায় এলপিজি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।














