সংলাপ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ আছে: জামায়াতের মিয়া গোলাম পরওয়ার
সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়েছবি: প্রথম আলো
রাজনৈতিক সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে অংশ নেওয়া হবে, তা নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১১-দলীয় জোটগতভাবে তারা এই সংলাপে অংশ নেবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ডাকা সংলাপেও জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জেহাদ খানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে দলটি।
বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের জন্য পশ্চিমবঙ্গের বিজেপি মন্ত্রীর নিন্দা জানান পরওয়ার। তিনি বলেন, গণতান্ত্রিক দেশের মন্ত্রীরা এ ধরনের মন্তব্য করতে পারেন না এবং বাংলাদেশের মানুষ এই নিষ্ঠুরতা এখনো ভুলে যায়নি।














