নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে সামান্তা শারমিন, সিদ্ধান্ত ডিসেম্বরের পর
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামের একটি নতুন দলের সঙ্গে বৈঠকে সামান্তা শারমিনছবি: সামান্তা শারমিনের ফেসবুক থেকে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর নতুন রাজনৈতিক যাত্রার প্রস্তুতি নিচ্ছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার একটি বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে পরিচিতি পাওয়া সামান্তা গত ৫ নভেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন। এর আগে গত ২৩ অক্টোবর দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের সময় তার পদাবনতি ঘটে, যা নিয়ে নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল।
জেডিপি ছাড়াও গত কয়েক দিনে সামান্তা শারমিন মাহফুজ আলম, তাসনিম জারা ও অনিক রায়ের মতো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে।
সামান্তা শারমিন স্পষ্ট করেছেন যে, বর্তমান আলোচনাগুলো শেষ হতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাই কোনো নতুন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ডিসেম্বরের পরেই গ্রহণ করবেন।














