সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় বড় প্রকল্প অনুমোদন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় পাঠ্যপুস্তক, ওষুধ ও বিভিন্ন অবকাঠামো খাতের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে দেশের সড়ক উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ ও ভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের কার্যাদেশ চূড়ান্ত করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় পরামর্শক সেবা বাবদ ৩৬১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এছাড়া মাদারীপুর জেলায় ৪০টি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য ৩২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার দায়িত্ব পেয়েছে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড।
শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ব্যয় বেড়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য অতিরিক্ত প্রায় ৩ কোটি ৬৩ লাখ বই মুদ্রণে খরচ ১৮৭ কোটি ১১ লাখ টাকা থেকে বেড়ে ২১০ কোটি ৭৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি ৫৫ লাখ টাকায় জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
সড়ক ও অবকাঠামো উন্নয়নেও বড় বিনিয়োগের সিদ্ধান্ত হয়েছে। কর্ণফুলী টানেল সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ ও রাঙামাটি মেডিক্যাল কলেজ ভবন নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের জন্য কয়েকশ কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ব্যয় ১৪৪ কোটি ৬৩ লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে।














