ডিসেম্বরের মধ্যে সিইপিএ চুক্তি চূড়ান্ত করবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠক। সংগৃহীত
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ-এর খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে চুক্তিটি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।
বৈঠকে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় প্রকৌশলীদের দক্ষ করে তুলতে বাংলাদেশে একটি ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া স্যামসাংয়ের মতো কোরিয়ান কোম্পানির আমদানি সংক্রান্ত জটিলতা নিরসনে একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে কর্মরত প্রায় ২০০টি কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এর জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা সমাধানে এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সভা আয়োজন করা হবে। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং আমদানি পারমিট কার্যক্রম অনলাইনে রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।














