মালয়েশিয়ায় সিন্ডিকেট ও অতিরিক্ত খরচ বন্ধের দাবি এবি পার্টির
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধসহ সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, ৯ নভেম্বরছবি: প্রথম আলো
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ, রাশিয়ায় প্রতারণা রোধ এবং ইউরোপে চাকরির ক্ষেত্রে বিএমইটির জটিলতা নিরসনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সাত দফা দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে দাবিগুলো উপস্থাপন করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী। মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই এবং তাঁদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
লিখিত বক্তব্যে রাজা গোলাম রব্বানী জানান, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি নির্ধারিত ব্যয় প্রায় ৭৯ হাজার টাকা হলেও অতিরিক্ত পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছিল। তিনি বলেন, শ্রমবাজার চালুর উদ্যোগে কোনো সীমিত এজেন্সির সিন্ডিকেট প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না এবং সব লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান। অনুষ্ঠানে এবি পার্টির পক্ষ থেকে প্রবাসীদের সুরক্ষা ও অধিকার আদায়ে সাত দফা প্রস্তাবনা তুলে ধরা হয়।














