বিএনপি কর্মীদের লাঠিসোঁটা নিয়ে নামা নিয়ে প্রশ্ন তুলল এবি পার্টি
রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বক্তব্য দেনছবি: প্রথম আলো
শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতা দেশের শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঞ্জু প্রশ্ন তোলেন, দেশে পুলিশ ও শিল্প পুলিশ থাকা সত্ত্বেও শ্রমিক আন্দোলন দমনে কেন বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মাঠে নামছেন? আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজনৈতিক দলের নয় উল্লেখ করে তিনি বলেন, এমন কর্মকাণ্ড রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে এবং নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করে।
গাজীপুরে শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, এই মৃত্যুর জন্য কারা দায়ী এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করেছে কি না, তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। এছাড়া শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।
সরকারের সংকট মোকাবিলায় প্রস্তুতির সমালোচনা করে তিনি বলেন, মজুরি বোর্ড গঠনে দেরি করায় শ্রমিক অসন্তোষ বেড়েছে। শ্রমিক অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করার দায় সরকারকেই নিতে হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান।














