খুলনা অভিমুখে লংমার্চ: এনসিপির চার নেতা গাড়িবহরে যোগ দিয়েছেন
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী ১১-দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশের মঞ্চে নেই এনসিপি। আজ শনিবার সকালেছবি: প্রথম আলো
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নেতাকে দেখা যায়নি। আজ সোমবার সকাল আটটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সকাল সাড়ে আটটার দিকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে লংমার্চের গাড়িবহর।
এনসিপির নেতারা জানিয়েছেন, উদ্বোধনী সমাবেশে না থাকলেও পরে গাড়িবহরে যোগ দিয়েছেন দলটির চার নেতা। নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, দলের আহ্বায়ক ও সদস্যসচিব এবারের লংমার্চে অংশ নিচ্ছেন না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কয়েকজন নেতাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে।
তাঁরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও আবদুল হান্নান মাসউদ এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ। এরই মধ্যে শরীয়তপুরের নাওডোবায় আরিফুল ইসলাম আদীব বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, এবারের লংমার্চে এনসিপির অংশগ্রহণ হবে প্রতীকী।
আগের দুটি লংমার্চে দলের আহ্বায়ক, সদস্যসচিবসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিলেও এবার কয়েকজন নেতাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দল হিসেবে এনসিপি এবারের লংমার্চে অংশ নিচ্ছে। সেখানে দলের কয়েকজন প্রতিনিধি থাকছেন।














