শাসক বদলালেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামো বদলায়নি: জেএসডি
জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবেছবি: আয়োজকদের সৌজন্যে
শাসকের পরিবর্তন হলেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা। ক্ষমতার কেন্দ্রীভবন অব্যাহত রয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হয়নি উল্লেখ করে তাঁরা পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
শনিবার জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও—অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো’ শীর্ষক এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন। জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরা হয়।
আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিক সোহরাব হাসান বলেন, শোষণমুক্ত সমাজ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে জেএসডির যাত্রা শুরু হলেও বর্তমানে রাষ্ট্র সংস্কারের কর্মসূচিকে সামনে আনা হচ্ছে, যা আদর্শিক অবস্থানের বিচ্যুতি। সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও আইনজীবী শরীফ ভূঁইয়া অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় সনদ, গণভোটের রায় এমনকি বিএনপির ৩১ দফায় দেওয়া অঙ্গীকারও কার্যকর করা হচ্ছে না। নির্বাচিত বিএনপি সরকার কাঙ্ক্ষিত পথে হাঁটছে না উল্লেখ করে তিনি শাসনক্ষমতা বিকেন্দ্রীকরণ ও তিন বিভাগের ক্ষমতা পৃথক্করণের জোর দাবি জানান।
সভায় রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমদ সংসদের উচ্চকক্ষে সামাজিক শক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করে ভারসাম্য তৈরির তাগিদ দেন। জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, বারবার সরকার পরিবর্তন হলেও ক্ষমতার গণতান্ত্রিক পুনর্বিন্যাস হয়নি। সভাপতির বক্তব্যে তানিয়া রব জুলাই জাতীয় সনদের অঙ্গীকার ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজনীয় সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান।














