উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর শেরেবাংলা নগরে ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ৩১ অক্টোবরছবি: প্রথম আলো
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে বিরোধী দলকে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, উচ্চকক্ষ ও সংবিধান সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন এবং এসব বিষয়ের সমাধান লংমার্চে হবে না। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আয়োজনে ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার গণতান্ত্রিক সংস্কার চায় এবং প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে সংবিধানে ভারসাম্য আনা প্রয়োজন। ঐকমত্য ও সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে তা জাতির জন্য কল্যাণকর হবে উল্লেখ করে তিনি রাজনৈতিক বিভক্তি এড়াতে চান বলে জানান। গত ১৩ জুলাই তাঁকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠিত হলেও বিরোধী দল সেখানে প্রতিনিধি দেয়নি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
সেমিনারে সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে আরও উন্নত করার সুযোগ রয়েছে এবং এ বিষয়ে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য থাকতে হবে। তিনি সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করা এবং বিচারক নিয়োগে আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন। ১৯৭২ সালের সংবিধানের অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সমালোচনা করে তিনি বলেন, আবেগ থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠভাবে ওই সংবিধানকে উপলব্ধি করতে হবে। সেমিনারে আরও বক্তব্য দেন ফিরোজ আহমেদ, হাবিবুর রহমান ও এহ্সান মাহমুদ।














