তিন দিনে নতুন বেতনকাঠামোর দাবি শ্রমিক শক্তির
রাজধানীতে জাতীয় শ্রমিক শক্তির সংবাদ সম্মেলনে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। সঙ্গে ছিলেন সংগঠনটির অন্যান্য নেতা। ৩ নভেম্বর, ২০২৬ছবি: প্রথম আলো
চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে এই আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়ে আগামী তিন দিনের মধ্যে নতুন বেতনকাঠামো কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জাতীয় শ্রমিক শক্তির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, সরকার ও মালিকপক্ষ মজুরি বোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেদের লোক বসিয়েছে। সরকারের বিভিন্ন সময়ের অপরিপক্ব সিদ্ধান্তের কারণেই আন্দোলন আজ এই পর্যায়ে গড়িয়েছে। তিনি শিল্প রক্ষার স্বার্থেই বর্তমান বাজারের সঙ্গে সংগতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি করার কথা জানান।
জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির সংবাদ সম্মেলনে বলেন, আমরা আগে থেকেই মজুরি বোর্ড গঠন করে নতুন মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছি, অথচ এই কাজে শ্রমমন্ত্রী ব্যর্থ হয়েছেন। আমরা ব্যর্থ শ্রমমন্ত্রীর পদত্যাগ চাই এবং আগামী তিন দিনের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করতে হবে। বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়ার জোর দাবি জানানো হয়।
সংগঠনটির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা শ্রমিকদের আন্দোলনে হামলা করবেন না, আমরা আওয়ামী আমলের পুলিশ দেখতে চাই না। এ ছাড়া বিভিন্ন স্থানে বিএনপি ও পুলিশের যৌথ মদদে শ্রমিকদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ করা হয়। দমন-পীড়ন অব্যাহত থাকলে আন্দোলন বৃহত্তর রূপ নিতে পারে বলে সতর্ক করে সরকারকে দ্রুত সহনশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।














