জুলাই সনদের বাস্তবায়নে সরকার আন্তরিক: বিশেষ কমিটি
বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক। জাতীয় সংসদ ভবনে, ৩ নভেম্বরছবি: বাসস
ছাত্রনেতাদের সঙ্গে সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভায় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকারের আন্তরিকতার কথা জানানো হয়েছে। এ বিষয়ে বিরোধী পক্ষের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আজ মঙ্গলবার তরুণদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা এবং গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, জুলাই সনদে স্পষ্টভাবে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের কথা বলা হয়েছে।
জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন ও অন্য মন্ত্রীরা অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ৬২ জনকে আমন্ত্রণ জানানো হলেও ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের ৩১ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ডাকসুর কয়েকজন নেতাসহ আমন্ত্রিত অনেকেই এই সভা বর্জন করেন।














