বিদেশের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের টোপ করা যাবে না: সংসদে দাবি
সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার বলেন, বিদেশের কোনো যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের টোপ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। এটি নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
রেহানা আক্তার জানান, উন্নত জীবনের প্রলোভনে পড়ে রাশিয়ায় যাওয়া অনেক বাংলাদেশি বর্তমানে সেদেশের সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন। গত তিন বছরে ৫৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। নিহতদের মরদেহ এখনো পরিবারের কাছে না পৌঁছানোয় এবং ঋণের চাপে ভুক্তভোগী পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
মানব পাচারকারীরা এখন এআই ডিপফেক ও সোশ্যাল মিডিয়ার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীকল্যাণ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
এদিনের সংসদ অধিবেশনে আরও বেশ কয়েকজন সংসদ সদস্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে রাজধানীর চার লেকের দূষণ রোধ, সরকারি হাসপাতালে জবাবদিহি নিশ্চিত করা, ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংসের ওপর গুরুত্বারোপ এবং বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্রদানের দাবি জানানো হয়।














