শুরু হলো আকিজ বাইসাইকেল এমটিবি চ্যাম্পিয়নশিপ সিজন-১
দেশের সাইক্লিং অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্সি উন্মোচনের মাধ্যমে প্রথমবারের মতো দেশব্যাপী আয়োজিত ‘আকিজ বাইসাইকেল এমটিবি চ্যাম্পিয়নশিপ সিজন-১’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
দেশের আটটি বিভাগে মোট ১ হাজার ৬০০ জন পুরুষ সাইক্লিস্ট এই প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিটি বিভাগ থেকে ২০০ জন করে প্রতিযোগীর মধ্য থেকে সেরা ১০ জন করে মোট ৮০ জন পুরুষ রাইডার চূড়ান্ত পর্বে জায়গা করে নেবেন। এছাড়া নারী বিভাগে ৫০ জন প্রতিযোগী কোনো বাছাই পর্ব ছাড়াই সরাসরি চূড়ান্ত পর্বে লড়ার সুযোগ পাবেন।
পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ১ লাখ ৫০ হাজার ও ১ লাখ টাকা পুরস্কার পাবেন। নারী বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা। এছাড়া শীর্ষ দুই বিজয়ীর জন্য থাকছে আকিজ বাইসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ।
আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও ট্রায়াথলন ড্রিমার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য দেশের সাইক্লিং সংস্কৃতিকে এগিয়ে নেওয়া এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করা। আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম উদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।














