স্বর্ণের দামে বড় স্বস্তি: ভরি নামল ২ লাখ টাকার নিচে
দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দরপতনের কারণে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছয় হাজার ১৮২ টাকা কমানো হয়েছে।
এই পরিবর্তনের ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। নতুন এই দর রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে। শনিবার রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২০ নভেম্বরসহ টানা আট দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হলো। এর আগে ১৯, ১৮, ১৪, ১৩, ১২, ১১ ও ৬ নভেম্বরও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকায় বিক্রি হবে।














