পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ৪৩ কোটি ডলারের বেশি ক্ষতি
দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা ও উৎপাদন ব্যাহত হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৩১৭টি কারখানায় মোট ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি ক্রেতাদের আস্থার সংকটে বড় ধরনের অর্ডার হারানোর ঘটনাও ঘটেছে। বিজিএমইএ-র তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার মূল্যের নিশ্চিত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা।
সংগঠনটি আরও জানায়, জরুরি জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার বাইরেও আরও ৬০০-এর বেশি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা তথ্যের চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে রফতানি আদেশ ধরে রাখতে অনেক কারখানা এয়ার শিপমেন্ট ও মূল্যছাড়ের মতো ব্যয়বহুল পথে হাঁটছে। বিজিএমইএ সতর্ক করে বলেছে, আর্থিক ক্ষতির পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।














