বাংলাদেশ দখলের হুমকি: ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি হেফাজতের
পশ্চিমবঙ্গের বিজেপি মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের’ বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বৃহস্পতিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন।
হেফাজত নেতারা বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না। তারা আরও বলেন, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলে তারা জানান।
বিবৃতিতে বলা হয়, ১৭ বছর ধরে ভারতকে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সার্বভৌমত্ব হরণের চেষ্টা করার অভিযোগ করেন হেফাজত নেতারা। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড, আবরার ফাহাদ ও ইলিয়াস আলীসহ বিভিন্ন ঘটনার দায় ভারতের ওপর চাপিয়ে এর জবাবদিহিতার দাবি জানানো হয়।
ভারতের সংখ্যালঘু নির্যাতনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে হেফাজত নেতারা বলেন, বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে ভারত অপপ্রচার চালাচ্ছে। গত মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বাংলাদেশ দখলের ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন।














