সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
রাসেল মিয়া :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মাদক মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ৩ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৬ জন, মাদকসেবী ৯ জন, দস্যুতা মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় সজিব হোসেন (২৯), বৈষম্যবিরোধী মামলায় আবুল কালাম (৪৫), মাসুদুজ্জামান (৩৮) ও মুসা মিয়া খোকন (৪৬) রয়েছেন।
এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাদির (৩৮), জুয়েল মিয়া (৩৮), মঞ্জুর হোসেন (৪৫), রমিজ (৬৩), আফজাল হোসেন বকুল (৩৫) ও মোখলেছুর রহমান আমির (৪৫) গ্রেপ্তার হয়েছেন।
দস্যুতা মামলায় আরাফাত (২০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিব (২৯) ও ইয়াকুব (৪২) গ্রেপ্তার হয়েছেন। অপরদিকে, অভিযানে ৯ জন মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।















