সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার, ১০৮ পিস ইয়াবা উদ্ধার
রাসেল মিয়া :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) থানা পুলিশের পরিচালিত এ অভিযানে মাদক মামলায় ৩ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ১ জন, মাদকসেবী ১১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জনকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোঃ শাওন (২৭), মোঃ মামুন (৩০), মোঃ মুন্না (২৫), মোঃ দিপু (২৮), রুবেল আহসান (২০), মোঃ রুয়েল আলী (৩৪), সুমন মিয়া (২৭), আকাশ (২০), মোঃ মাসুম (৩৫), মোঃ তামিম ইকবাল (২০) ও মোঃ শামীম (৩০)।
এছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় আয়নাল হক (৬০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোসাঃ মিনু (৫০), ওসমান গণি (৪৫) এবং রাব্বী হাসান ওরফে জুনায়েদ (২২)। এ সময় তাদের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।
অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি মোসাঃ তাছলিমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।















