সূচকের সামান্য উত্থান ডিএসইতে, লেনদেনে ভাটা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের সামান্য উত্থান দেখা গেলেও অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় শূন্য দশমিক ১৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যান্য সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ০৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক এক দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির ২২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৬০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৯ কোটি এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা, যা বুধবারের তুলনায় কম। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৭৫৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৮০৩ টাকা।
আজকের লেনদেনে ১৩৩টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, ১৯৭টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে। দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা।














