ষড়যন্ত্র করে দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭ নভেম্বরছবি : পিএমও
দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের গণতন্ত্রকামী মানুষকে নিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একাত্তর, নব্বই এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আজকের এই র্যালি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার দিন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তা রক্ষা করতে হবে। নয়াপল্টনে হাজার হাজার নেতা-কর্মীর কাছে সমর্থন চেয়ে তিনি বলেন, আপনারা কি আমাদের সঙ্গে আছেন।
ছাত্র-জনতা স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছে বলে উল্লেখ করেন তারেক রহমান। অতীতে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে চেয়েছে, সেই অপশক্তি আবার আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালুর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। ১৯৭১, ১৯৭৫ ও ২০২৪ সালের মতো এ দেশের মানুষকে ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবে না বলে জানান প্রধানমন্ত্রী।
শোভাযাত্রা শেষে বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছে ট্রাকের ওপর থেকে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষের অধিকার ও ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, জনগণ তাদের পরাজিত করেছে। যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র্যালি চলমান থাকবে বলে জানান তিনি। দিবসটি উপলক্ষে দুপুর থেকেই নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমবেত হন।
বেলা তিনটার দিকে নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয় এবং তা কাকরাইল, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রধানমন্ত্রী ছাড়াও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ, বিজিবি, পিজিআর ও এসএসএফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই শোভাযাত্রা সম্পন্ন হয়।















