নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে। শোভাযাত্রার সামনের সারিতে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টন, ঢাকা, ৭ নভেম্বরছবি: প্রথম আলো
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রাটি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
শোভাযাত্রা শুরুর পরপরই এতে যোগ দিয়ে তারেক রহমান সামনের সারিতে অবস্থান নেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেয়। এরপর এটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে, যা গত বৃহস্পতিবার শুরু হয়েছে।
এর আগে গত শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শোভাযাত্রার এই কর্মসূচি ঘোষণা করেছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির চলমান কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোকচিত্র প্রদর্শনী।














