নিত্যপণ্যের দামের প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ
নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিল ও সমাবেশে অংশ নেনছবি: জামায়াতের সৌজন্যে
জ্বালানি গ্যাস, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা। বৃহস্পতিবার বিকেলে উত্তর বাড্ডায় আয়োজিত এই কর্মসূচিতে দলটির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ মিছিলে নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি দ্রব্যমূল্যের সাথে মানুষের আয়ের অসামঞ্জস্যের বিষয়টি তুলে ধরে বাজার সিন্ডিকেট ভাঙার দাবি জানান।
সেলিম উদ্দিন আরও বলেন, জনগণকে অস্তিত্বসংকটে রেখে উন্নয়নের ফানুস ওড়ানো গ্রহণযোগ্য নয়। এছাড়া শ্রমিক আন্দোলনে নাশকতাকারীদের খুঁজে বের করা এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাড্ডার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউলুপের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমানসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।














