জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি: গণসংহতি আন্দোলন
মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলনের নেতা–কর্মীরা। বৃহস্পতিবার, সাভারের জাতীয় স্মৃতিসৌধেছবি: গণসংহতি আন্দোলনের সৌজন্যে
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলেও সাধারণ মানুষের জীবনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। বৃহস্পতিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
দলটির ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রুবেল বলেন, দীর্ঘ সময় ধরে একটি লুণ্ঠনকারী গোষ্ঠী রাষ্ট্রক্ষমতায় ছিল, যারা মানুষের অধিকার ভূলুণ্ঠিত করেছে। বর্তমানে গণতান্ত্রিক সরকার আসলেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার মতো বড় কোনো পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি।
তিনি আরও জানান, জনগণের পক্ষে কাজ করার জন্য তাঁদের লড়াই অব্যাহত থাকবে এবং সরকারের ভেতরে থেকে যতটুকু সম্ভব ভূমিকা রাখা হবে। এ সময় দলের রাজনৈতিক পরিষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দলটি আজ থেকে দুই মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে, যার মধ্যে রয়েছে সদস্য সংগ্রহ, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ। আগামী ১১ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে।














