গোপালগঞ্জে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা, ডিসি-এসপি প্রত্যাহার
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের লাঠি হাতে বিক্ষোভ। গতকাল দুপুরে শহরের লঞ্চঘাটেছবি: নুতন শেখ
গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বইঠা ও দেশি অস্ত্র নিয়ে মহড়ার পর কঠোর অবস্থানে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি। পাশাপাশি পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে কোনো পক্ষ সীমালঙ্ঘন করলে বা অরাজকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার উসকানির ফাঁদে পা না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা থেকে কর্মীরা গোপালগঞ্জে জড়ো হচ্ছেন এবং বিদেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কার মধ্যেও সরকার প্রাণহানি এড়াতে সর্বোচ্চ সতর্ক রয়েছে। এছাড়া প্রশাসনের কিছু কর্মকর্তার অদক্ষতা ও অসহযোগিতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ গোপালগঞ্জকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করছে। সাম্প্রতিক মিছিলে পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুরসহ জুলাই স্মৃতিস্তম্ভের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।














