নুসরাতের বাড়িতে হামলার প্রতিবাদে এনসিপির মশালমিছিল, তোপ স্বরাষ্ট্রমন্ত্রীকে
আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত এনসিপির মশালমিছিল হয়ছবি: প্রথম আলো
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় মশালমিছিল ও সমাবেশ করেছে দলটি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এ সময় নুসরাতের ওপর হামলার পাশাপাশি মৌলভীবাজারে ছাত্রশক্তি নেতা হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়।
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কঠোর সমালোচনা করেন। নুসরাতের বাড়িকে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পরিত্যক্ত’ বলে আখ্যায়িত করাকে তিনি দায়সারা মন্তব্য হিসেবে উল্লেখ করেন। আখতার হোসেন অভিযোগ করেন, সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করার সুযোগ পাচ্ছে এবং গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে কার্যত ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
আখতার হোসেন সরকারের কাছে নুসরাতের বাড়িতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না।
উল্লেখ্য, বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে আয়োজিত এই সমাবেশে এনসিপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। মশালমিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে পরীবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। রাত সোয়া আটটায় কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।














