৩ হাজার কোটির সুকুক নিলাম ১ ডিসেম্বর
তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি সরকারি বিনিয়োগ সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে এই ইসলামী বন্ড ইস্যু করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের মাধ্যমে এই নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে। ২০২৭ সালের ২ জুন মেয়াদপূর্তির এই বন্ডে বিনিয়োগকারীরা বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা মুনাফা বা ভাড়া পাবেন।
নিলামে অংশগ্রহণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও প্রভিডেন্ট ফান্ডের সুযোগ রয়েছে। আগ্রহী বিনিয়োগকারীরা ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে বিড দাখিল করতে পারবেন। নতুন বিনিয়োগকারীদের ২৯ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।














