গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্য ঢুকবে না: নাহিদ ইসলাম
জাতীয় যুব সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা। ১ নভেম্বর ২০২৬ছবি: এনসিপির সৌজন্যে
ভারত-বাংলাদেশের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে চলেছে। এই বিষয়টি সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি বাংলাদেশে পানি না আসে, তবে ভারতীয় কোনো পণ্যও এদেশে আসবে না। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি আয়োজিত এই সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে পানি না এলে কোনো করিডর বা ট্রানজিট হবে না। নদীর পানির ন্যায্য হিস্যা না পেলে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের মতো প্রয়োজনে আবারও লংমার্চের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।
অর্থনীতি ও ঋণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঋণের জন্য বিভিন্ন দ্বারে ঘুরলেও কেউ তাদের বিশ্বাস করছে না। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে চুক্তির বিষয়ে সরকারের স্বচ্ছতা দাবি করে তিনি বলেন, এতে ভারতকে অবৈধ করিডর দেওয়ার চেষ্টা করলে জনগণ তা রুখে দেবে।
সংবিধান সংশোধন ও শ্রমিকদের আন্দোলন নিয়ে নাহিদ বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে নতুন করে আলোচনার কিছু নেই, এখন শুধু বাস্তবায়নের সময়। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও শ্রমিক ও বেসরকারি খাতের বৈষম্য মেনে নেওয়া হবে না।














