জোটগতভাবে সংলাপে বসতে চায় জামায়াত, ইতিবাচক সরকার
ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়েছবি: জামায়াতে ইসলামীর সৌজন্যে
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১১-দলীয় ঐক্য বা জোটগতভাবে সংলাপে বসতে চায় জামায়াতে ইসলামী। এককভাবে আলোচনার পরিবর্তে এই জোটগত প্রস্তাবে সরকারও ইতিবাচক সাড়া দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে আলোচনার সুনির্দিষ্ট স্থান ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দপ্তরের পরিবর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার প্রস্তাব দিয়েছে বিরোধী জোট। প্রতিনিধিদলের আকার বড় হওয়ায় সচিবালয়ের পরিবর্তে অন্য কোনো উপযোগী স্থানে আলোচনার বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনার বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব থাকলেও একে ‘সংলাপ’ হিসেবে আখ্যা দিতে নারাজ তারা। জুলাই গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করা এবং সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্রমতে, নভেম্বর মাসের মধ্যেই এই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকের দিনক্ষণ নিয়ে এখনো আলোচনা চলছে। এর আগে ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য নিয়ে প্রাথমিক আলোচনা হয়, যার ধারাবাহিকতায় এখন জোটগত আলোচনার বিষয়টি সামনে এসেছে।














