প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: ২০২৫ সালের উদ্বেগজনক রিপোর্ট
বিশ্বজুড়ে ২০২৫ সালে স্বজনদের হাতে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং ইউএনওডিসি-র তথ্য অনুযায়ী, এর ফলে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, গত বছর ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারীর মধ্যে ৬০ শতাংশই পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে নিহত হয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় আফ্রিকা মহাদেশ শীর্ষে রয়েছে, যেখানে গত বছর ২২ হাজার ১০০ জন নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন। এরপরই রয়েছে এশিয়া, যেখানে ১৫ হাজার ১০০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন নারী ও কন্যাশিশু স্বজনদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
জাতিসংঘের মতে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার খুব ধীরগতিতে কমছে। সমাজের প্রচলিত রীতিনীতি এবং বিচারব্যবস্থায় প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বাধাই এই অপরাধের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্যক্তিগত পরিসরের বাইরে সংঘটিত হত্যাকাণ্ডের সঠিক তথ্য সীমিত হওয়ায় অপরাধের প্রকৃত ব্যাপ্তি নির্ণয় করা কঠিন হয়ে পড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।














