ভারত সফরে পাকিস্তানের মন্ত্রী: এসসিও সম্মেলনে অংশ নিলেন মুসাদ্দিক মালিক
আঞ্চলিক একটি সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। গত বছর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফরে গেলেন।
নয়াদিল্লিতে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) এই সাংস্কৃতিক সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন তিনি। ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০২৩ সালের মে মাসে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়া রাজ্যে এসসিওর বৈঠকে অংশ নিয়েছিলেন।
চার দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হলো অঞ্চলের সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতাগত ঐতিহ্য উদযাপন করা। এই ফোরামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ বাড়ানোই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০২৫ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চার দিনব্যাপী সংঘাত ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনায় উভয় দেশের অন্তত ৭০ জন নিহত হন। সেই উত্তেজনার পর দুই দেশের বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছিল, যার জেরে পাকিস্তান এশীয় হকি টুর্নামেন্ট থেকে নিজেদের দল প্রত্যাহার করে নেয়।














