রাশিয়ার সঙ্গে দ্রুত চারপক্ষীয় আলোচনার আহ্বান ভলোদিমির জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া ও ইউরোপের নেতাদের নিয়ে দ্রুত চারপক্ষীয় আলোচনার আহ্বান জানিয়েছেন। সোমবার বার্লিনে ন্যাটোভুক্ত দেশগুলোর আইনপ্রণেতাদের এক সমাবেশে ভিডিও বার্তায় তিনি বলেন, ইউক্রেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে এই বৈঠক যত দ্রুত সম্ভব আয়োজন করা প্রয়োজন। শান্তি আলোচনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ইউক্রেন আক্ষরিক অর্থেই আগামীকাল আলোচনায় বসতে প্রস্তুত।
ন্যাটো জোটে ইউক্রেনের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধের অভিজ্ঞতা ও শক্তিশালী সেনাবাহিনী ন্যাটো জোটকে আরও কার্যকর করে তুলবে। তবে ন্যাটোর পূর্ণ সদস্যপদ ছাড়া নিরাপত্তার যে নিশ্চয়তার কথা বলা হচ্ছে, তা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন। জেলেনস্কির মতে, এমন নিশ্চয়তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর এখনো পাওয়া যায়নি।
রাশিয়ার বিমান হামলা ঠেকাতে ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় সক্ষম অস্ত্র গুদামে ফেলে না রেখে ইউক্রেনকে সরবরাহ করা উচিত। গত সপ্তাহে বার্লিনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কথা বললেও, ইউক্রেনের প্রেসিডেন্ট এ বিষয়ে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।














