মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল ইরান
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে ইরান। সোমবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, তেহরান এই আগ্রাসন কোনোভাবেই সহ্য করবে না এবং এর উপযুক্ত জবাব দেবে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইরান এর প্রতিশোধ নিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে লেবানন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো জড়িয়ে পড়লে সংঘাত আরও ছড়িয়ে পড়ে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের নৌপথ হরমুজ প্রণালী অবরোধের জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ স্থলপথ বিচ্ছিন্ন করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে।
মুখপাত্র বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ মূলত সামরিক আগ্রাসনের শামিল। এমতাবস্থায় জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য যেকোনো উপায় ব্যবহারের পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তবে ওয়াশিংটন দাবি মেনে নিলে মাত্র দুই দিনে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব বলেও তিনি জানান।














