বুধের কক্ষপথে বেপিকলম্বো
দীর্ঘ আট বছর মহাকাশে পথ পাড়ি দেওয়ার পর অবশেষে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান ও ইউরোপের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’। রোববার ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। মহাকাশযানটির থ্রাস্টার বা দিক ও গতি নিয়ন্ত্রণকারী ইঞ্জিন টানা ৩০ মিনিটের বেশি সময় চালু রাখার পর এটি সফলভাবে বুধের কক্ষপথে প্রবেশ করে। এর আগে ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো ‘মেরিনার-১০’ মহাকাশযান প্রথমবারের মতো বুধ গ্রহের পাশ দিয়ে উড়ে যায়।
২০১৮ সালে যাত্রা শুরু করা চার টন ওজনের এই মহাকাশযানটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধে পৌঁছাতে এ পর্যন্ত ১০ বিলিয়ন কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে। এ দীর্ঘ যাত্রায় এটি সৌরজগতের আরও নয়টি গ্রহের কাছ দিয়েও অতিক্রম করেছে। মিশন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ ও ১০ ডিসেম্বর মহাকাশযানটির ইউরোপীয় ও জাপানি অংশ দুটি আলাদা হয়ে নিজ নিজ কক্ষপথে অবস্থান নেবে। ইউরোপীয় অংশটি বুধের পৃষ্ঠতল বা উপরিভাগ পর্যবেক্ষণ করবে এবং এটি গ্রহটির পৃষ্ঠ থেকে মাত্র ৪৮০ কিলোমিটার ওপর দিয়ে প্রদক্ষিণ করবে।
অন্যদিকে, জাপানি অংশটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে এবং বুধ থেকে সর্বোচ্চ ১১ হাজার কিলোমিটার দূরে চলে যাবে। এর মূল লক্ষ্য বুধের চৌম্বকক্ষেত্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা এবং ইতোমধ্যে সংগৃহীত তথ্য বিশ্লেষণের কাজ শুরু হয়েছে। চলতি বছরের শুরুর দিকে মিশনটির প্রধান সান্তা মার্টিনেজ জানিয়েছিলেন যে এই অভিযান বুধের অজানা দৃশ্য ও তথ্য মানবজাতির সামনে তুলে ধরবে। বুধ এমন একটি গ্রহ যেখানে তাপমাত্রা মাইনাস ১৮০ থেকে ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে এবং একে নিয়মিত তীব্র বিকিরণ সহ্য করতে হয়।














