শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবারের মেলা ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
বিকেল ৩টায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সভাপতিত্ব করবেন চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
এবারের মেলায় দেশী-বিদেশী তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দর্শনার্থীদের জন্য মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল রাখা হয়েছে। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের ব্যবসায়ীরাও এতে তাদের পণ্য প্রদর্শন করবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ১৯৯৩ সাল থেকে নিয়মিত এই মেলার আয়োজন করে আসছে চট্টগ্রাম চেম্বার।














