বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: আইসিটি মন্ত্রী

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৯:০০ পিএম
বিজ্ঞাপন
পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: আইসিটি মন্ত্রী পড়েছেন ৮ জন

সম্মেলনে আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। আজ মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়ের যৌথ আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী ফকির মাহবুব আনাম তার বক্তব্যে দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য, নিরাপদ, উচ্চগতির ও সাশ্রয়ী ডিজিটাল সংযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, এই লক্ষ্য অর্জনে আধুনিক টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন

সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার, দেশীয় শিল্পপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক প্রযুক্তি অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা সম্ভব। বক্তব্য শেষে তিনি ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ আয়োজনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং হুয়াওয়েকে ধন্যবাদ জানান এবং সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো: কামরুজ্জামান, এনডিসি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো: মামুনুর রশীদ ভূঞা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জেসন উ সহ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব সাইদা আফরোজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে অনুষ্ঠানে ‘ভবিষ্যৎ প্রযুক্তি ও কানেক্টিভিটি’, ‘শিল্পখাতে দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তির ভূমিকা’ এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তা: বৈশ্বিক প্রবণতা, প্রভাব ও বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: আইসিটি মন্ত্রী
0:00 / 0:00
1x