সংসদীয় কমিটির ক্ষমতা বাড়াতে নেই কোনো আইন
সংসদীয় কমিটি কাউকে সাক্ষ্য দিতে তলব করতে পারে এবং প্রয়োজনীয় নথিপত্রও চাইতে পারে। কিন্তু কেউ তলবে সাড়া না দিলে তাঁকে হাজির করা বা নথি দিতে বাধ্য করার পূর্ণাঙ্গ আইনি ক্ষমতা কমিটির নেই। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও এ ঘাটতি দূর করতে কোনো আইন প্রণয়ন করা হয়নি।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদে সংসদীয় কমিটির গঠন ও দায়িত্বের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। একই অনুচ্ছেদে আইন করে কমিটিকে সাক্ষী হাজির করা এবং দলিলপত্র দাখিলে বাধ্য করার ক্ষমতা দেওয়ার কথা রয়েছে। কিন্তু আইন না থাকায় তলব অমান্য করলে কী ব্যবস্থা নেওয়া যাবে, সে বিষয়ে কোনো পূর্ণাঙ্গ বিধান নেই।
অতীতে একাধিক ঘটনায় কমিটির তলব উপেক্ষা করার নজির রয়েছে। ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে একটি খসড়া তৈরি হলেও শেষ পর্যন্ত তা আইনে পরিণত হয়নি। ফলে সংসদীয় কমিটির তদন্তের ক্ষমতা বাড়ানো এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে।
সংসদ বিষয়ে গবেষক নিজাম উদ্দিন আহমদ বলেন, এ আইন অবশ্যই হওয়া উচিত। সংসদীয় কমিটি যদি কোনো সাক্ষীকে হাজির হতে বাধ্য করতে না পারে, তবে কমিটির কার্যকর ক্ষমতা খর্ব হয় এবং জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হয় না।














