নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ নিহত, গভীর উদ্বেগ জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারছবি: গোলাম পরওয়ারের ফেসবুক পেজ থেকে
নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলেছে। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়।
আজ ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই মর্মান্তিক বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অন্তত ১৪ জন নিহত হন এবং অন্তত ৩২ জন আহত হন। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এই হতাহতের ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন এবং তিনি গভীরভাবে ব্যথিত ও শোকাহত হন।
তিনি নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি তিনি সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সহায়তার দাবি জানান তিনি।
এমন অপমৃত্যু ও ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করার জোর দাবি জানান জামায়াতের এই নেতা। অদক্ষ চালকেরা যাতে গাড়ি চালাতে না পারেন সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।














