বিজ্ঞাপন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ফিলিস্তিনিদের সংগ্রাম

জাগো বাংলাদেশ ২৪
জাগো বাংলাদেশ ২৪ ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৬:০০ পিএম
বিজ্ঞাপন
মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ফিলিস্তিনিদের সংগ্রাম পড়েছেন ২ জন

মিশরের শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হয়ে আসছেন ফিলিস্তিনিরা। নিজের বাড়িতে পুরোনো একটি সোফায় বসে থাকা ৯০ বছর বয়সী শাম্মা আবু হোসেন সম্ভবত একমাত্র জীবিত ব্যক্তি, যিনি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগের অখণ্ড ফিলিস্তিনে বসবাস করেছিলেন। গাজা যুদ্ধ নতুন করে আরেকটি নাকবার আশঙ্কা তৈরি করলেও, ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি বর্ণনার জন্য চলমান নাকবাই সবচেয়ে উপযুক্ত শব্দ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

গ্রামের কাঁচা রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া খোলা নর্দমা ও অসমাপ্ত ঘরবাড়ির মধ্যে বসবাসকারী এসব মানুষের কাছে পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার প্রসঙ্গের চেয়ে শিক্ষা, কর্মসংস্থান ও স্থিতিশীলতার বিষয়ই বেশি গুরুত্ব পেয়েছে। ১০ সন্তানের জনক ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সেলমি সোলাইমান আল-নামুলি জানান যে তার ও তার সন্তানদের জন্ম মিশরে হলেও কাগজপত্রের ক্ষেত্রে তাকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়। আবাসনের অনুমতি নবায়নে ডলারে ফি পরিশোধ এবং অন্যান্য প্রশাসনিক খরচের কারণে তিনি মেধাবী মেয়ে আসমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারেননি।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের লুবনা শোমালি জানান, নামুলিদের মতো অভিজ্ঞতার মুখোমুখি মিসরজুড়েই বিপুল সংখ্যক ফিলিস্তিনি হচ্ছেন এবং এ ক্ষেত্রে তারা একা নন। গবেষকদের ধারণা, সাম্প্রতিক গাজা যুদ্ধ শুরুর আগে আগের সংঘাতগুলোতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন এবং যুদ্ধ শুরুর পর আরও লক্ষাধিক ফিলিস্তিনি সেখানে পৌঁছেছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর হিসাবে, জর্ডান, সিরিয়া ও লেবাননে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা ৩৫ লাখ।

সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের শাসনামলে মিসরে ফিলিস্তিনিরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে মিসরীয় নাগরিকদের প্রায় সমান সুযোগ পেতেন। তবে ১৯৭৮ সালে ইসরাইলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আবু নিদালের সদস্যদের হাতে সংস্কৃতিমন্ত্রী ইউসুফ সিবাই নিহত হওয়ার পর এ-সংক্রান্ত বিধিনিষেধ কঠোর করা হয়। মিসরীয় কর্মকর্তারা বারবার বলেছেন যে দেশটি ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়েছে এবং একই সঙ্গে তাদের নিজ ভূখণ্ড থেকে স্থায়ীভাবে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মিশরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ফিলিস্তিনিদের সংগ্রাম
0:00 / 0:00
1x