স্বর্ণের দামে বড় স্বস্তি: এক দিনে কমল প্রায় ৩ হাজার টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। গত মঙ্গলবার এই দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকায় বিক্রি হবে। তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গয়নার মজুরি ও পাথরের দাম বাদে পুরনো গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নতুন দাম ও নিয়ম কার্যকর থাকবে।














