১৮ ডিসেম্বর শুরু হচ্ছে দর্শনা কেরুর আখ মাড়াই মৌসুম
লোকসানের বোঝা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির নতুন আখ মাড়াই মৌসুম। এবারের মৌসুমে পুরোনো কারখানার পরিবর্তে ১০২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আধুনিক বিএমআরই কারখানায় আখ মাড়াই করা হবে। উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে চাষ এবং কঠোর ব্যয় সংকোচনের মাধ্যমে লোকসান কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।
গত অর্থবছরে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছিল ৬০ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকা। তবে এবার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রস্তুত করা হয়েছে ৫ হাজার ৮০২ একর জমির আখ। এর মধ্যে কেরুর নিজস্ব জমি ১ হাজার ৬৩৮ একর এবং কৃষকদের ৪ হাজার ১৬৪ একর। এসব জমি থেকে ৮০ হাজার টন আখ সংগ্রহ করে ৪ হাজার ৮০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ৫৮ থেকে ৫৯ দিনের এই মৌসুমে চিনির গড় আহরণ হার ধরা হয়েছে ৬ শতাংশ এবং দৈনিক গড় মাড়াই লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৫০০ টন। বিশেষজ্ঞদের মতে, পুরো মৌসুম কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়া পরিচালনা করা সম্ভব হলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি চিনিকলটির লোকসান উল্লেখযোগ্য হারে কমে আসবে।
এদিকে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চলতি মৌসুমে ৬ হাজার ৩০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর আওতায় কেরুর নিজস্ব ১ হাজার ৬২০ একর, কৃষকদের ৪ হাজার ৬৮০ একর এবং এসটিপি পদ্ধতিতে ৫৪৩ একর জমিতে আখ রোপণ করা হচ্ছে। চাষিদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় নিয়মিত উঠান বৈঠক ও বিশেষ সভার আয়োজন চলছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, সরকার কৃষকদের স্বার্থে আখের মূল্য বৃদ্ধি করেছে এবং বিভিন্ন ধরনের ভর্তুকি প্রদান করছে। সবার আন্তরিকতা ও কর্মদক্ষতা কাজে লাগালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং লোকসান বহুগুণ কমিয়ে আনা সম্ভব। তিনি আরও জানান, অধিক ফলন ও মুনাফা নিশ্চিত করতে চাষিদের কাস্তে বা হাসুয়ার পরিবর্তে কোদালের সাহায্যে মাটি ঘেঁষে গোড়া থেকে আখ কাটার আহ্বান জানানো হয়েছে।















